আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৭:৩৮:২৩
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক চলছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই খবর নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের পর দুই সপ্তাহের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চলাকালীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিদল। এ সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার উপস্থিত ছিলেন।
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শরিফ শান্তি আলোচনায় ‘ইরানের সম্পৃক্ততার প্রশংসা করেছেন’ এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অর্থবহ ফলাফল অর্জনের গতি সঞ্চারে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অব্যাহত রাখার ‘আন্তরিক সংকল্পের’ কথা পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, টেকসই শান্তির পথে অগ্রগতি সাধনে উভয় পক্ষকে সহায়তা অব্যাহত রাখতে ইসলামাবাদ আগ্রহী। এছাড়া পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে, ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা সহজতর করার চেষ্টা করছে।