নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৭:৪০
হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চার সদস্য।
৩০ মার্চ সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) ও স্টাফ সার্জেন্ট মাক্সিম এন্তিস (২১)
নিহত চার সেনাই ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। চতুর্থ সেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আইডিএফের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাহাল ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে অভিযান চালানোর সময় হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হয়। অত্যন্ত কাছাকাছি দূরত্ব থেকে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের গুলিতে বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে আহত ইসরায়েলি সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহর পক্ষ থেকে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল ছোঁড়া হয়। তবে মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই সময় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়।