নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৪:১৫
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, ইরানে মৃতের সংখ্যা ১৯০০ ছাড়ালো
ইরানের পাশাপাশি লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে স্থল অভিযানও চলছে। সবশেষ খবর অনুযায়ী, লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় ১,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামরিক আগ্রাসনের জবাবে ইরান পাল্টা হামলা অব্যাহত রাখলেও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে হতাহতের সংখ্যা সেই তুলনায় অনেক কম। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলে এখন পর্যন্ত মাত্র ১৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে অন্তত তিনজন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।
এদিকে উপসাগরীয় দেশগুলোতে অন্তত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। আর অধিকৃত পশ্চিম তীরে চারজন এবং উপসাগরীয় আরব দেশগুলোতে আরও ২০ জন নিহত হয়েছেন। ইরাকে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্য নিহত হয়েছেন।
পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিন তেহরানে বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।
প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার বিজয়ের দাবি করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে অভিযানের লক্ষ্য প্রায় পূরণ হয়ে এসেছে।
এদিকে ইসরাইল লেবাননে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। তারা ইরানের মিত্র হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করছে এবং লেবাননের সরকারের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে।