নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৪:২৯
দুবাইয়ের আকাশে বিমান চলাচল ফের স্বাভাবিক
ড্রোন হামলায় বন্ধ হওয়ার কয়েকঘন্টা পর ফের স্বাভাবিক হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথে বিমান চলাচল। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) জানিয়েছে এ তথ্য।
জিসিএএর বরাতে গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আগে জারি করা অস্থায়ী সতর্কতামূলক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে দেশের পুরো আকাশসীমায় বিমান চলাচল এখন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। সোমবার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হঠাৎ আকাশপথ বন্ধ করে দেয় ইউএই। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিমান চলাচল চালু করা হয়।
মঙ্গলবার দিনের শুরুতেই কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্লাইট ও বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সাময়িকভাবে আকাশপথ বন্ধ করা হয়েছে।
এর আগে, ড্রোন হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ধরে যায়। এর ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করে জিসিএএ। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সীমিত পরিসরে ফ্লাইট চালু করে এমিরেটস। একই সময়ে আবুধাবি থেকে সীমিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে ইতিহাদ এয়ারওয়েজ।
পরবর্তীতে পুরো পরিস্থিতি পর্যালোচনা শেষে আকাশপথ স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয় জিসিএএ। সংস্থাটি জানায়, নিরাপত্তা ও অপারেশনাল ঝুঁকির সার্বিক মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিসিএএ জোর দিয়ে বলেছে, আকাশপথের নিরাপত্তা ও আরব আমিরাতের সার্বভৌমত্ব রক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল-টাইম পর্যবেক্ষণ চালু রয়েছে বলেও জানানো হয়।
সাম্প্রতিক এই অস্থিরতায় যাত্রী ও এয়ারলাইনগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের কারিগরি ও অপারেশনাল টিম প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সঠিক তথ্য পেতে জনগণকে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।