আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ রাত ০৬:২৬:৩০
হাজার হাজার পুলিশ মোতায়েন, ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদ যেন দুর্গ
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে বিদেশি প্রতিনিধিদলের আগমনের আগে একটি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ইসলামাবাদ পুলিশ। এতে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ‘কখনোই রেড জোনের দিকে যাতায়াত করবেন না’। শুধু সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো প্রবেশ অনুমোদিত নয়।
পুলিশ আরও জানিয়েছে, শ্রীনগর হাইওয়ে এবং ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে-তে যান চলাচল পরিবর্তন (ডাইভারশন) করা হবে। তাই এই সময়ে নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে এবং জানানো হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা ‘সর্বোচ্চ সতর্কতায়’ রয়েছে। প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর তল্লাশিও চালানো হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে চলেছে ইরান-আমেরিকার মধ্যে শান্তি বৈঠক। তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইসলামাবাদকে।
মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও সেনা। যা পুরো ইসলামাবাদ শহরকে এক দুর্গে পরিণত করেছে। শুধু তা-ই নয়, সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ ও বাজার।
খবরে বলা হয়েছে, ‘রেড জোন’ এলাকাগুলোতে অর্থাৎ যে সব এলাকায় সংসদ, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, বিলাসবহুল হোটেল ও দূতাবাস রয়েছে, সেসব এলাকায় বেসরকারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুই দেশের প্রতিনিধিরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে শহরজুড়ে বেশ কয়েকটি চেক পয়েন্ট বসানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা উপস্থিত থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। গোটা শহরের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকারের তরফ থেকে ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণাও করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে ৩০ সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল। তবে পাকিস্তানে এই বৈঠককে কেন্দ্র করে উদ্বিগ্ন খোদ মার্কিন নাগরিকদের একাংশ। হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব আরি ফ্লেইশার বলেন, ‘পাকিস্তান বিপজ্জনক। কারণ দেশটির সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই।’
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা-ইরানের বৈঠকের আগে নিজেদের আকাশ সীমাও সুরক্ষিত করছে ইসলামাবাদ। ইতিমধ্যেই পাকিস্তানের আকাশে টহল দিতে দেখা গেছে আইএল-৭৮ রিফুয়েলিং ট্যাঙ্কার এবং পাক যুদ্ধবিমান সি-১৩০।
শুক্রবার ইরানের আকাশেও দেখা গেছে পাক যুদ্ধবিমান। খবরে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দলকে নিরাপত্তা দিতেই যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হয়েছে। ইসলামাবাদ সফরকালে ইরানের প্রতিনিধিদলের উপর যাতে কোনও রকম হামলা না হয়, তা নিশ্চিত করবে পাকিস্তান। তাদের ঢাল হয়ে দাঁড়াবে পাক যুদ্ধবিমানগুলো।