নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০১:৩০
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে নতুন করে বিশ্বব্যাপী সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থায়নের সব পথ পুরোপুরি বন্ধ করে দিতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিশ্বজুড়ে তেহরানের তেল বিক্রি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, বিমান ও জাহাজ চলাচল খাতের ওপর এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিশ্বের প্রতিটি দেশকে এখন বেছে নিতে হবে- তারা যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে নাকি ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে। এই অভিযানকে তিনি অর্থনৈতিক ‘ডি-ডে’ হিসেবে আখ্যা দেন।
নতুন এই ব্যবস্থার অংশ হিসেবে ইরানকে সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের ৬০০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্বনেতাদের কাছে সরাসরি ফোন করে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের অনুরোধ জানাচ্ছেন।
অন্যদিকে মার্কিন এই চাপকে গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন কিছু নয়। ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র বারবার তাদের পুরোনো একই কৌশল সামনে আনছে।
যুদ্ধ ও সামরিক অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ওয়াশিংটন এখন এই চরম অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।