নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৭:০৬
বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে স্পেনের বৈধতা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ১৪ এপ্রিল বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
অবৈধভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ দিতে একটি অ্যামনেস্টি কর্মসূচি অনুমোদন করেছে স্পেন সরকার। এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নেয়। খবর আল জাজিরার।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে অভিবাসীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। আগামী ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন করা যাবে। পরে ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত চলবে।
স্পেনের অভিবাসনমন্ত্রী ইলমা সেইজ জানান, যারা ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করেছেন এবং অন্তত পাঁচ মাস ধরে বসবাস করছেন, তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার শর্তও রাখা হয়েছে।
দেশটির সরকার বলছে, স্পেনের শ্রমবাজারে কাজ করা এই অভিবাসীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাই তাদের বৈধ মর্যাদা দেওয়া ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রী সানচেজও এটিকে ন্যায়বিচারের একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, এতে অভিবাসন পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং প্রশাসনিক চাপ বাড়বে।