আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৯:১৩
মোজতবা খামেনি সুস্থ আছেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’ এবং ‘পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন’ বলে জানিয়েছেন দেশিটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রোববার (১৫ মার্চ) ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
উল্লেখ্য, গত ০৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে উপস্থিত হননি।
গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার প্রথম ভাষণ পাঠ করেছিলেন একজন উপস্থাপক।
তিনি বলেছেন, ইরান ‘ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে’ স্বাগত জানান।
হরমুজ প্রণালী ‘যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত।’
আরাঘচি বলেছেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও উদ্যোগ আলোচনার টেবিলে নেই’।
এর আগে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন, তিনি তেল চান; সারা বিশ্বের জন্যই তেল চান।
স্থানীয় সময় শনিবার এনবিসি নিউজকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি বেঁচে আছেন কি না। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনেছি তিনি বেঁচে নেই। যদি বেঁচে থাকেন, তবে তার দেশের জন্য বুদ্ধিমানের কাজ হলো আত্মসমর্পণ।’
ট্রাম্পের এমন বক্তব্যের পরই মোজতবা খামেনি সুস্থ থাকার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।