নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৩:৩১
বিক্ষোভ না করার মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ নেতারা
দিল্লির যন্তর মন্তরে আর কোনো বিক্ষোভের ডাক দেওয়া হবে না মর্মে আদালতে মুচলেকা দিয়ে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে দুই নেতা আইন-শৃঙ্খলা রক্ষা, জনশান্তি বজায় রাখা এবং যন্তর মন্তরের নির্ধারিত প্রতিবাদস্থল বাতিল থাকা পর্যন্ত সেখানে কোনো আন্দোলন না করার লিখিত প্রতিশ্রুতি দেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও জামিননামার শর্তে আদালত তাদের মুক্তির নির্দেশ দিলেও তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে এবং মামলার পরবর্তী শুনানি শুক্রবার ধার্য করা হয়েছে।
গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই দুই নেতা এর আগে ১৩ অক্টোবর যন্তর মন্তরের তালাবন্ধ গেট টপকে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। প্রতিবাদস্থল হিসেবে স্থানটির স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়েছিল। ১০ অক্টোবর নির্বাচনী অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দিয়ে আটক হওয়ার পর তারা শান্তি বজায় রাখার যে মুচলেকা দিয়েছিলেন, এই ঘটনায় তার লঙ্ঘন ঘটে বলে জানায় প্রসিকিউশন।
এদিকে দিল্লি হাইকোর্টে তাদের রিমান্ডের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে আপিল করা হলে আদালত শান্তি বজায় রাখার অঙ্গীকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই পুরো প্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাবাস দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছিলেন। ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও একতরফা কার্যক্রমের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে এই রাজনৈতিক দল।
সূত্র: এনডিটিভি