নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪৮:৩১
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
এই সময়ের মধ্যে রোগটি নিয়ে নতুন করে আরও ২ হাজার ৩৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ২ হাজার ১৫৮ জন আক্রান্ত হন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতর বলছে, চলতি বছরে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা হয়ে গেছে ৭৫ হাজার ৭৩০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।
প্রতিবেদন বলছে, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। গত ২৮ দিনে প্রাণ গেছে ১৩৬ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।
এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।