নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ সকাল ১১:৪০:৪১
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মাধ্যমে জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু হলো।
১৪ জুন রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত প্রধান অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময় ভার্চুয়ালি যুক্ত ছিল বাকি নয়টি হাসপাতাল।
যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হয়েছে সেগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নতমানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়েই দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা পাওয়া যাবে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধার সম্প্রসারণ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জরুরি পরিস্থিতি ও মহামারি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১০টি জেলা হাসপাতালে আধুনিক আইসিইউ স্থাপন করা হয়েছে।