মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:২২
চার শতাব্দীর ইতিহাসের সাক্ষী নরসিংদীর পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ
নিরিবিলি গ্রাম, চারপাশে সবুজের সমারোহ। এরই মাঝে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের প্রায় ৪০০ বছরের পুরোনো তিন গম্বুজবিশিষ্ট মসজিদ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি আজও ধরে রেখেছে তার ঐতিহাসিক আবেদন ও স্থাপত্যের স্বকীয়তা।
শুধু মুসল্লিদের ইবাদতের স্থান হিসেবেই নয়, মসজিদটি মুঘল আমলের শিল্পকুশলতা, স্থাপত্যঐতিহ্য ও এ অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেও পরিচিত।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭১৭ খ্রিষ্টাব্দে নাসিরের কন্যা এবং দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। সে সময় বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।
স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। বড় বড় পালতোলা নৌযান চলাচল করত নদী দিয়ে। এসব নৌযান দেখতে নদীর পাড়ে মানুষের সমাগম ঘটত। ধারণা করা হয়, নৌযান দেখার জন্য মানুষের এমন সমবেত হওয়ার ঐতিহ্য থেকেই এলাকার নাম পারুলিয়া হয়েছে।
প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত মসজিদটির স্থাপত্যশৈলীও বেশ আকর্ষণীয়। প্রায় পাঁচ ফুট পুরু দেয়াল, মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ এর অন্যতম বৈশিষ্ট্য। নামাজের কক্ষের ওপর রয়েছে দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ।
মসজিদে রয়েছে একটি প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্বদিকে তিনটি দরজার পাশাপাশি উত্তর ও দক্ষিণ পাশেও প্রবেশের ব্যবস্থা রয়েছে। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘিরে আছে সুরক্ষিত সীমানাপ্রাচীর। ভেতরে রয়েছে প্রশস্ত উঠান এবং উত্তর-পূর্ব কোণে দুটি উঁচু মিনার।
মসজিদের সামনের দেয়ালে খোদাই করা শিলালিপি এর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় উৎকীর্ণ ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশ্যে জয়নব বিনতে নাসির মসজিদটি নির্মাণ করেন।
বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও মসজিদ নির্মাণের সময়কাল ও এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।
মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে রয়েছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তাঁর স্ত্রী জয়নব বিবি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খান মারা যান। এর পরের বছর মৃত্যুবরণ করেন জয়নব বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে তাঁদের সমাহিত করা হয়।
এ ছাড়া মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। বর্তমানে এসব পুকুর থেকে পাওয়া আয় মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়।
দীর্ঘ ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কাও সামলাতে হয়েছে ঐতিহাসিক স্থাপনাটিকে। ১৯০৪ সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরীফ খানের প্রশাসনিক আবাসভবনও ধসে পড়ে। তবে এত প্রতিকূলতার পরও মসজিদটি তার মূল স্থাপত্যশৈলীর বড় একটি অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। মসজিদ প্রাঙ্গণের পূর্ব পাশে এখনো কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।
ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতের জন্য সংস্কারকাজ করা হয়। পরে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় আরেক দফা সংস্কার উদ্যোগ নেওয়া হয়।
মসজিদের ইমাম হাফেজ ওয়ালিউল্লাহ বলেন, মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে। তাঁদের অনেকের বিশ্বাস, এখানে নামাজ ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা আরমান মিয়া জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, আমার বাড়ি মসজিদটির পাশের ইউনিয়নে। এটি আমাদের ঐতিহ্য ও পবিত্র স্থান হিসেবে বিবেচনা করি। আমি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করি। মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদের মূল স্থাপনা ছাড়া বাইরের মাজারগুলো সংস্কার করা প্রয়োজন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমদ বলেন, মসজিদটি শুধু পলাশ উপজেলার নয়, বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মসজিদটির নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রায় চার শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি এটি মুঘল আমলের স্থাপত্যকুশলতা, শিল্পবোধ ও এ অঞ্চলের মুসলিম ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে তাই মসজিদটি কেবল একটি পুরোনো স্থাপনা নয়, বরং অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটানো এক অনন্য ঐতিহাসিক নিদর্শন।