নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০২:১৭:৩৫
প্রকৃত শিল্পী হওয়ার লড়াইয়ে অভিনেতা বাঁধন খান
অভিনয়শিল্পী বাঁধন খাঁন। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন। এখন পুরোদস্তুর অডিও ভিজ্যুয়াল মাধ্যমের নিয়মিত অভিনয়শিল্পী। সিনেমা, টেলিভিশন নাটক ও ওটিটি ফিল্মে সমানতালে অভিনয় করে চলেছেন। সংস্কৃতিমনা মানুষ তরুণ বাঁধন খান প্রকৃত শিল্পী হতে চান। শিল্পী হওয়ার লড়াইয়ে তিনি সিদ্ধহস্ত।
দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশন নাটক, ধারাবাহিক, ওয়েব ফিল্ম, ওটিটি কনটেন্ট, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কমার্শিয়াল বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করছেন। বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি জনপ্রিয় সিনেমা তুফান, তাণ্ডব ও সুরঙ্গতেও অভিনয় করেছেন। অভিনয় করেছেন টান, নিঃশ্বাস, হরিজন পল্লী, ইনফিনিটি টু, নীলচক্র ও ইনসাফ সিনেমায়ও। তিনি সর্বশেষ আঁন্ধার ও মাটি নামের দুটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া তিনি আঁকা ও এলেন সপন নামের ওটিটি ফিল্মেও অভিনয় করেছেন। টিভি ফিকশন ও ধারাবাহিক নাটকের মধ্যে তিনি অভিনয় করেছেন বুক ভরে নিঃশ্বাস ও ক্যাম্পাস-এ। প্রাণ, আকিজ ও সেন্টার ফ্রুট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন।
তিনি জানান, ছোটবেলা থেকেই পরিবারের সাংস্কৃতিক পরিবেশ ও মায়ের অনুপ্রেরণায় তার অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। তিনি জানান, থিয়েটারের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের স্বপ্নযাত্রা শুরু।
বাঁধন খাঁন বিশ্বাস করেন, একজন শিল্পীর কাজ শুধু বিনোদন দেওয়া নয়; বরং সমাজ, দেশ ও মানবিক মূল্যবোধের জন্য ইতিবাচক ভূমিকা রাখা। আগামীতে তিনি নিজেকে একজন প্রকৃত শিল্পী হিসেবে গড়ে তুলে দর্শকদের আরও ভালো ও অর্থবহ কাজ উপহার দিতে চান। তিনি এমন কাজ করতে আগ্রহী, যা বিনোদনের পাশাপাশি সমাজ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।