নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৯:৩৫:০৫
ফিল্ম আর্কাইভ ও লেখালিখির যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলা কনটেন্টভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ উদ্যোগে “স্টোরি টু স্ক্রিনপ্লে: ফ্রম আইডিয়া টু সিনেমা (চিন্তা থেকে চিত্রনাট্য: বড় পর্দার ভাষা শেখা)” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ কর্মশালায় চলচ্চিত্রপ্রেমী ও গল্প নিয়ে কাজ করতে আগ্রহী ২৫ জন অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে আলোচনা করা হয় কীভাবে একটি সাধারণ ধারণাকে ধাপে ধাপে দৃশ্য, ঘটনা এবং পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দেওয়া যায় এবং তা দর্শক উপযোগী করে তোলা সম্ভব।
কর্মশালার মূল লক্ষ্য ছিল একটি এক লাইনের ভাবনাকে প্রথমে ধারণা, পরে দৃশ্য এবং শেষে পূর্ণাঙ্গ গল্পে রূপান্তর করার প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।
মহাপরিচালক ম. জাভেদ ইকবাল এ ধরনের উদ্যোগের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মশালা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
পরিচালক ফারহানা রহমান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার বলেন, এ ধরনের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সরকারি সাংস্কৃতিক উদ্যোগে তরুণ ও আগ্রহীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন তানভীর চৌধুরী। তিনি বলেন, গল্প লেখা ও চিত্রনাট্য নির্মাণ শেখার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, যা অত্যন্ত ইতিবাচক।
গল্পের নৈতিকতা ও নীতিগত দিক নিয়ে সেশন পরিচালনা করেন লেখালিখির উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।