নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৬:৫৩:২৫
আনন্দঘন পরিবেশে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব উদযাপন
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব (সেশন ২০২৫–২০২৬) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে স্বাগত বক্তব্য দেন স্কুলের ডিরেক্টর ও সিইও আনজাম আনসার বাজু।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তারা ‘ইনসি উইন্সি স্পাইডার’, নৃত্য, আবৃত্তি, গান এবং বিভিন্ন সৃজনশীল পরিবেশনায় অংশ নেয়। এছাড়া গ্রেড-১ ও গ্রেড-২-এর শিক্ষার্থীদের পরিবেশনায় সুকুমার রায়ের বিখ্যাত নাটক ‘অবাক জলপান’ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক, কলামিস্ট ও মানবাধিকারকর্মী নিশাত সুলতানা এবং লেখক, শিশুসাহিত্যিক ও সম্পাদক আশিক মুস্তাফা।
নিশাত সুলতানা বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে মননশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের আয়োজন প্রমাণ করে, নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আন্তরিকভাবে কাজ করছে।”
আশিক মুস্তাফা বলেন, “শিশুদের জন্য উপযোগী এমন সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সত্যিই প্রশংসনীয়। এমন পাঠশালাই আমরা চাই, যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে, লিখবে, গাইবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।” তিনি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, ফলে দেশ-বিদেশে অবস্থানরত অভিভাবক ও শুভানুধ্যায়ীরাও আয়োজনটি উপভোগ করতে পারেন।
স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুসের নেতৃত্বে শিক্ষকরা পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
উল্লেখ্য, নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এডএক্সেল (Edexcel) কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষাবর্ষ জুলাই মাসে শুরু হয়ে জুন মাসে শেষ হয়। পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বর্ণিল এ বার্ষিক উৎসবের সমাপ্তি ঘটে।