সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:৫০:৩২
নিয়মের বাইরে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না: সাভারে শিক্ষামন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং কোনো শিক্ষা কার্যক্রম নিয়মের বাইরে পরিচালিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গণবিশ্ববিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে শিক্ষার মান কেমন, তা মূল্যায়ন করা হচ্ছে। শিক্ষার মান আরও উন্নত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।