নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ রাত ১০:০১:৩৭
প্রাথমিকের বৃত্তির ফলাফল ঈদের পর
প্রায় দেড় যুগ পর পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে গেছে। আগামী বৃহস্পতিবার (২১ মে) ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহার পর জুনের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা বলেন, ২১ মে ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই ঈদের পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছেন তারা।
চলতি বছর থেকেই দীর্ঘ বিরতির পর আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। গত ১৪ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পরীক্ষার আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রুটিন ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করে। এতে পরীক্ষাকালীন আচরণবিধিসহ ১০টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষার সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল।
নীতিমালায় বলা হয়েছে, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধাতালিকায় ছাত্র ও ছাত্রীদের ৫০ শতাংশ হারে সমান অনুপাতে নির্বাচন করা হবে। এছাড়া মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।