রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ রাত ০৯:৪৫:২৯
দায়বদ্ধতার অভাবেই যত্রতত্র কারখানা তৈরি ও পরিবেশ দূষিত হয়েছে: জলবায়ু প্রতিমন্ত্রী
আমাদের দায়বদ্ধতার অভাব ছিল বলেই যত্রতত্র কারখানা তৈরি ও পরিবেশ দূষিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মানুষ, হাতি ও যৌথ ভূদৃশ্য-বিষয়ক সংলাপ এবং টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি পরিবেশ দূষণের বিভিন্ন উৎসের কথা উল্লেখ করে বলেন, এগুলো নিরসনে কাজ চলমান রয়েছে। দূষণ নিরসনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যেসব শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে ইটভাটা ও অন্যান্য কারখানায় সিটিপিসহ (কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্পকারখানার সংখ্যা অত্যধিক হওয়ায় একসঙ্গে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয়ে উঠছে না বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষা করা যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রাণ-প্রকৃতি রক্ষায় হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর অভয়াশ্রম তৈরিতে সচেষ্ট থাকার ওপরও জোর দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকে।