নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:৫১
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০% কর প্রত্যাহারের দাবি এপিইউবির
প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ আয়কর প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। সংগঠনটি সরকারের প্রতি এ কর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছে, বাজেট প্রণয়নের আগে সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে আয়কর প্রত্যাহারের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। এ বিষয়ে ইতিবাচক আশ্বাসও পাওয়া গিয়েছিল, তবে তার প্রতিফলন বাজেট প্রস্তাবে দেখা যায়নি।
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিইউবি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ল্যাবরেটরি ও লাইব্রেরির সরঞ্জাম সংগ্রহ এবং বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাট ও কর পরিশোধ করতে হয়। এর পাশাপাশি ১০ শতাংশ আয়কর বহাল থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন, সম্প্রসারণ ও মানোন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়ে উচ্চশিক্ষার ব্যয় আরও বৃদ্ধি পাবে।
সংগঠনটি উল্লেখ করে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক (নন-প্রফিট) প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। ফলে এসব প্রতিষ্ঠানের ওপর আয়কর আরোপ বা বহাল রাখা অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশ্নের জন্ম দিতে পারে বলে মনে করে এপিইউবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত রাখার প্রতিশ্রুতি ছিল। যদিও সামগ্রিকভাবে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তবে উচ্চশিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির স্পষ্ট প্রতিফলন দেখা যায়নি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত করও বহাল রাখা হয়েছে।
এপিইউবির মতে, দেশের উচ্চশিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ অবদান বিবেচনায় উচ্চশিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি।
সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। এপিইউবির ভাষ্য, শিক্ষা খাতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।