নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৬:৪৩
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এবার ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ রোববার থেকে। শেষ হবে ১৫ এপ্রিল বৃহস্পতিবার।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের কথা ছিল ৭ জানুয়ারি থেকে। এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।