নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৪:২২:০৭
এনবিআরে নতুন চেয়ারম্যান নিয়োগ
নতুন চেয়ারম্যান পেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিবকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং দীর্ঘদিন ধরে দেশের কর প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৫তম বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে আহসান হাবিব এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।
সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অর্থ পাচার এবং আর্থিক অনিয়মসংক্রান্ত একাধিক আলোচিত অনুসন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন চেয়ারম্যানের রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের কারণে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের রাজস্ব আহরণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং কর ফাঁকি প্রতিরোধেও নতুন গতি আসবে বলে মনে করছেন তারা।