নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ রাত ০৯:৩৮:৩৭
ভোক্তার আস্থা অর্জন ও সেবার মানোন্নয়নে খাস ফুডের বিশেষ উদ্যোগ
ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির উদ্যোগে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মানসম্মত গ্রাহকসেবা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর গুরুত্বপূর্ণ ধারা, আইনের প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, “গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই।” তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য খাস ফুডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান এবং ভোক্তার সন্তুষ্টি।” তিনি ভোক্তার অধিকার রক্ষায় প্রতিষ্ঠানের সব কর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় খাস ফুডের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, “নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে খাস ফুড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ভোক্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা নিয়মিত নতুন জ্ঞান অর্জন, কার্যক্রম মূল্যায়ন এবং ধারাবাহিক উন্নয়নে বিশ্বাস করি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজে প্রতিফলিত হবে এবং ভোক্তার আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, খাস ফুড লিমিটেড দেশের একটি স্বনামধন্য নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। গত ১১ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ করে লাখো গ্রাহকের আস্থা অর্জন করেছে।