জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৫:২১:১২
ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। পরে তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, এসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবজাতকের মরদেহটি একটি কালো রঙের শার্টে মোড়ানো ছিল। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদীতে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে কোনো কারণে মরদেহটি পানিতে ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। উদ্ধার হওয়া নবজাতকটি কন্যাশিশু বলে নিশ্চিত করেছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি শার্টে পেঁচিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে সেটি ভেসে ওঠায় স্থানীয়দের নজরে আসে।"
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। একই সঙ্গে নবজাতকের পরিচয় শনাক্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।