নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:৪৭:১৭
নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, দেলদুয়ারকে হারাল স্বাগতিকরা
টাঙ্গাইলের নাগরপুরে ১০ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লিগ পর্বের উদ্বোধন করা হয়েছে। 'হোম অ্যান্ড অ্যাওয়ে' পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা ১-০ গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মিজানুর রহমান লাভলু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান এবং দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথি।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, নাগরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
৮০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় নাগরপুর উপজেলা দল।