উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা):
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:৫৫:০৪
ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪
পাবনা ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চার জেলে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও তিনজন।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার ১০ থেকে ১১ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। পরে জেলেদের নৌকা থেকে তীরে তুলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ভোঁতা অংশ দিয়ে বেধড়ক মারধর করে।
আহতরা হলেন—লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), তিনি বুকের ডান পাশে ছররা গুলিবিদ্ধ হয়েছেন; সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), তার হাত ও পায়ে আঘাত রয়েছে; মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২), তার পায়ে আঘাত লেগেছে; এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮), যার দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে গেলেও শিশির আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শফিকুল ইসলাম জানান, জেলেরা নৌকা করে নদীতে মাছ ধরার সময়ই মাজদিয়ার ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। ঘটনাস্থল ঈশ্বরদী থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ঈশ্বরদী থানা পুলিশ গ্রহণ করবে।”
অন্যদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি সম্ভবত ঈশ্বরদী উপজেলার সীমানার মধ্যে নয়, অন্য কোনো এলাকায় ঘটেছে।