হীরা আহমেদ জাকির, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১২:২৪
বিজয়নগরে ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গরুবাহী একটি পিকআপ লেভেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ট্রেন আসতে দেখে চালক গাড়ি থেকে নেমে যান। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী পিকআপটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পিকআপটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।