নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৪:১৬:৩৫
বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন
রবিবার (৭ জুন) বাগাতিপাড়া ইউনিয়নের গৌরীপুর রেললাইন থেকে কামারপাড়া মজিবরের বাড়ি অভিমুখে কাঁচা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজুর রহমান, বিএনপি নেতা আমিরচাঁদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা স্বাধীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান, বাগাতিপাড়ার মধ্যে গৌরীপুর গ্রাম দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ছিল। আগে এখানে তেমন কোনো পাকা সড়ক ছিল না। এই প্রথম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা আরও বলেন, প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অতীতে এ এলাকায় এসে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন, যা দ্রুত বাস্তবায়ন হওয়ায় তারা আনন্দিত।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।