কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬ রাত ০৭:৫১:৫৯
গাজীপুরে বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে নির্যাতনের অভিযোগ
এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর স্ত্রী ও সন্তানরা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে হালিম মোল্লা নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নেন। পরে তাকে একটি ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালানো হয়।
তাদের দাবি, এ ঘটনায় শরীফ আজাদ, মাসুদ রানা, নুর ইসলাম দীপু, আসাদুল ইসলাম আসুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।
পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর আমিরুল ইসলামকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।