নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৪:২৪:৩৩
রূপগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. বাবুল (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পাশাপাশি সে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকার একটি পিঠার দোকানে কাজ করতো। অভিযোগ রয়েছে দোকানে কাজের সুবাদে পরিচয়ের পর থেকেই অভিযুক্ত বাবুল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
গত ৬ মে বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন ওইদিন সন্ধ্যায় নীলা মার্কেট এলাকায় নবান্ন হোটেলের সামনে থেকে অভিযুক্ত বাবুল তাকে অটো গাড়িতে তুলে নিয়ে যায়।
পরে গত ৯ই মে রাতে ভিকটিম কৌশলে পালিয়ে এসে পরিবারের সদস্যদের জানায়, তাকে ভক্ত বাড়ি এলাকার একটি টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করে।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)ধারার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, এবং ঘটনার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।