কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ১০:১৩:৪৬
কোনাবাড়ীতে ৫ কোটি টাকার সিগারেট মজুদ, দোকানিকে ২ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার (১৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোড কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে আমবাগ রোড কাঁচাবাজার এলাকার ‘মায়ের দোয়া জেনারেল স্টোর’-এ অভিযান চালানো হয়। এ সময় দোকানটির মালিক রেজাউল মিয়া (৪০) অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুদ করে রেখেছেন বলে প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় রেজাউল মিয়াকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজার অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।