জাহাঙ্গীর আলম,নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১ জুন ২০২৬ সকাল ১০:৪৯:৫৬
সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের পাশে এমপি আনোয়ার
নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজ গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। আহতদের মধ্যে রয়েছেন নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ মর্মান্তিক দূর্ঘটনার পর দূর্ঘটনা এলাকা ও নিহত, আহতদের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান নেত্রকোণা ও বারহাট্টা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
এসময় তিনি নিহত ও আহতদের আত্রিক সহায়তা এবং স্বজনদের সান্ত্বনা দেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।
এ সময় এমপি আনোয়ারুল হক বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একটি পরিবারের মা ও মেয়েকে একসঙ্গে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এছাড়াও তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।