মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ রাত ১০:১১:৩৭
মানিকগঞ্জে মেয়ের হাতে বৃদ্ধ মা খুন, আটক ১
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার বৃদ্ধ মা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগম (৯৮) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রিজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রিজিয়া বেগমের মরদেহ দেখতে পান।
স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন।
নিহতের নাতি রাসেল বলেন, “আমার ফুপু দাদিকে কুপিয়ে হত্যা করে আমাদের ডেকে বলেন, ‘তোর দাদি মারা গেছে। আমি মাইরা ফালাইছি, এখন পুলিশ ডাইকা আন।’”
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”