মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৯:০৬
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে ৭ জনের ফাঁসি, একজন খালাস
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), বিজু মিয়া (৩৬), বাদশা মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৫), আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আসমত। অপর আসামি ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলায় মোট নয়জন সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ্য দেন। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।