ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৮:০১:১১
কক্সবাজারে ৩৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার চালানটি বিশেষ কৌশলে পাটের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি পাটের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে একটি ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১৮টি পোটলা পাওয়া যায়। সেখান থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর ব্যাগে আরও ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে উদ্ধার হওয়া বড় ইয়াবা চালানগুলোর মধ্যে এটি অন্যতম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রি ও সরবরাহের উদ্দেশ্যে ইয়াবাগুলো কক্সবাজার শহরে আনা হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, “উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।