নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:৩২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাসের ওপর পণ্যবোঝাই পিকআপ দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা
ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে মালামাল
নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি অজ্ঞাত
গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত সুজন (৩৭) নিহত হন। গুরুতর আহত
অবস্থায় হেলপার ইছারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
নিহত সুজন যশোর জেলার বালিয়াডাঙ্গা রাজারহাটের মিজানুর
রহমানের ছেলে এবং ইছারুল খুলনার ডুমুরিয়ার জীবন মিয়ার ছেলে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত
চিকিৎসক ডা. নিলয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী
পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের
নিমতলা আন্ডারপাসের ওপর মালবোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো-ড-১১-৬০৭২) দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের
কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল
ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায়
রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।