রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ রাত ০৮:৩৭:৩৯
সাভারে অব্যাহতি প্রাপ্ত থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামির গ্রেপ্তার
সাভার থানা ছাত্রদলের সদ্য অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সদরঘাট জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তার মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। সম্প্রতি তাকে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ১২ জুন সাভার মডেল থানায় লাবনী বেগম নামে এক নারী লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, তার খালাতো ভাই শামীম রেজার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ থেকে মাদক-সংক্রান্ত একটি মামলায় এক ব্যক্তির জামিনের কথা বলে দীর্ঘদিন ধরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মাহাবুব হোসেন সামির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে সহযোগীরা একাধিকবার হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, গত ২৪ মে রাজাশন আমতলা এলাকায় শামীম রেজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় নগদ ৪ লাখ ১৭ হাজার ৬০০ টাকা এবং গ্যারেজ থেকে ১২টি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে গ্যারেজের ক্যাশবক্স থেকে আরও ৯০ হাজার টাকা লুট করা হয়। পরে ২৭ মে পুনরায় গ্যারেজে হামলা চালিয়ে আরও ছয়টি অটোরিকশা নিয়ে যাওয়া হয়। এছাড়া ১২ জুন আরও পাঁচটি অটোরিকশা, ১৬ জুন প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ব্যাটারি এবং ৬ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, ১২ জুন রাতে শামীম রেজার বাসায় ঢুকে পরিবারের সদস্যদের মারধর, এক নারীকে লাঞ্ছিত, একটি শিশুকে আছড়ে ফেলা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, এসব অভিযোগের তদন্ত শেষে মাহাবুব হোসেন সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
এদিকে, গত ২ জুন রিপন ঋষি নামে এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সামির ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের হয়। ওই ঘটনার পর তাকে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, “গ্রেপ্তার মাহাবুব হোসেন সামিরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো মামলার এজাহার ও পুলিশের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।