নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ রাত ০৬:৫৭:৪১
প্রধানমন্ত্রীর সততা, ডায়নামিক নেতৃত্ব সমৃদ্ধ দেশ গড়ার নিয়ামক শক্তি: ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের খাঁটি দেশপ্রেম, সততা এবং ডায়নামিক নেতৃত্ব' আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার 'নিয়ামক শক্তি'। তিনি দেশ ও জনগণের উন্নয়নের 'বাতিঘর'। তিনিই পারবেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে সন্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।
ড.খন্দকার মারুফ আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দাউদকান্দি পৌর সদরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত 'স্কয়ার এইড হসপিটালে'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি ফিতা কেটে নবনির্মিত হাসপাতাল উদ্বোধন করেন এবং বলেন, স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা প্রাপ্তি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ন রেখে মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার জন্য তিনি পরামর্শ দেন।।
বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।
তিনি গত ৫ মাসে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের দৃষ্টি কেড়েছেন। দেশ এগিয়ে যাচ্ছে। তারেক রহমানকে ঘিরে মানুষ নতুন স্বপ্ন দেখছে, বিপুলভাবে উচ্ছ্বসিত এবং উজ্জীবিত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড ও হেলথ কার্ড দিচ্ছেন। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড ও বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ করছেন। কৃষি উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত 'ঐতিহাসিক খাল খনন কর্মসূচী' চালু করেছেন। দেশের মানুষ মনে করেন,তারেক রহমানই পারবে- উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।
হসপিটালের চেয়ারম্যান মো.কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক নূর মো. সেলিম সরকার,সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী,সদস্য সচিব কাউসার আলম সরকার,বিএনপি নেতা মাহবুবুর রহমান হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী ও শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।
খন্দকার মারুফ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে। তাদের দু:শাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রনায়ক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তাঁর ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্ব মানচিত্রে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।
খন্দকার মারুফ বলেন,সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়নে অবকাঠামো সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং সেবা বিকেন্দ্রীকরণের বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১শয্যায় উন্নীত এবং আধুনিক প্যাথলজি সুবিধা চালু করা হচ্ছে। মেডিক্যাল কলেজে ৫০ এবং জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হচ্ছে।