আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৮:১৬:০১
ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ১৩ হাজার ১৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবীব, এসআই রাজা, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আজিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার সব অভিভাবককে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় এ কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্থ বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অপুষ্টিজনিত রোগের ঝুঁকি কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।