জয়ীতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ রাত ০৮:২৯:২৮
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, টাইব্রেকারে পার্বতীপুরের জয়
রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে রংপুর ও পার্বতীপুরের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আট দলীয় এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনাব্বর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা নির্বাহী প্রকৌশলী নাফিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে রংপুর নব স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে সমতাসূচক গোল করে পার্বতীপুর। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৫টি শটের মধ্যে ৩-১ ব্যবধানে রংপুরকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে পার্বতীপুর।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উৎসাহিত করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।