ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ১০:৩৮:১৪
বাগেরহাট ম্যাটসে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এ নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট ম্যাটস শাখার উদ্যোগে শনিবার (২৭ জুন) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
বাগেরহাট সরকারি ম্যাটস ছাত্রশিবিরের সভাপতি নাহিদ মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার সাবেক সেক্রেটারি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, এইচআরডি সম্পাদক ফজলে রাব্বি, বাগেরহাট পৌর শাখার সভাপতি রবিউল ইসলাম ফয়সালসহ সংগঠনের অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, "শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই হবে না, নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। ম্যাটসের শিক্ষার্থীদের স্বার্থহীনভাবে মানবকল্যাণে কাজ করতে হবে।" তিনি দাবি করেন, ইসলামী ছাত্রশিবির একজন নৈতিক ও আদর্শবান ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ বলেন, "ইসলামী ছাত্রশিবির শুধু একটি প্রচলিত ছাত্রসংগঠন নয়, বরং এটি একটি স্বতন্ত্র শিক্ষা ও ব্যক্তিত্ব গঠনের প্রতিষ্ঠান।" তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, লক্ষ্য নির্ধারণ এবং মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করে।
তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, "যে ব্যক্তি একটি মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।" ভবিষ্যতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোগীর সেবাকে মানবতার সেবা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে বলেন, "মানুষের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।" তিনি নবীন শিক্ষার্থীদের মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের শিক্ষাজীবন, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। শেষে নবীনদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।