নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬ সকাল ১০:১৮:৩৮
জামালপুরে প্রশাসনের মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, জেলা ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন
মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার (২৭ জুন) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলায় জেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে পরাজিত করে জেলা ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।