রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ১০:২৩:০০
গোপনে বিয়ে করায় বন্ধুর বিরুদ্ধে রাজপথে ‘অভিনব’ প্রতিবাদ
গোপনে বিয়ে করার অভিযোগে এক বন্ধুর বিরুদ্ধে ব্যতিক্রমী ও মজার ধরনের বিক্ষোভ করেছেন তারই কয়েকজন বন্ধু। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে শুক্রবার বিকেলে এই ‘মানববন্ধন’ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি ২০১৫ ব্যাচের একদল তরুণ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন। অভিযোগ ছিল, শাকিল কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে করে সংসার শুরু করেছেন।
বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন রকম হাস্যরসাত্মক স্লোগান দেন। এর মধ্যে একটি স্লোগান ছিল, “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি,” যা উপস্থিত পথচারীদের মধ্যে ব্যাপক হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করে।
আন্দোলনে অংশ নেওয়া এক বন্ধু বলেন, “দীর্ঘদিনের সম্পর্কের পরও যদি বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের কিছু না জানানো হয়, তাহলে সেটা কষ্টের। দাওয়াত না দিলেও অন্তত জানানো উচিত ছিল।”
এ সময় মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী ‘প্রতিবাদ’ দেখতে ভিড় জমান পথচারী ও যাত্রীরা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন, যা মুহূর্তেই এলাকায় আলোচনার জন্ম দেয়।
তবে আয়োজকদের দাবি, পুরো ঘটনাটি ছিল বন্ধুত্বের ভেতরের অভিমান ও ভালোবাসার মজার বহিঃপ্রকাশ। কর্মসূচি শেষে তারা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেন এবং শাকিল শেখকে শুভেচ্ছাও জানান।