খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৫:২১:০৯
খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ, জরিমানা ২৫ হাজার টাকা
খাগড়াছড়িতে ভেকসিনকো ব্র্যান্ডের একটি গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ী ও একটি ডিলার পয়েন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজে এক নিয়মিত ক্রেতা অভিযোগ করেন, তিনি যে গ্যাস সিলিন্ডারটি কিনেছেন, সেটিতে গ্যাসের পরিবর্তে পানি রয়েছে।
ভুক্তভোগী জানান, আগে একটি গ্যাস সিলিন্ডার অন্তত এক মাস ব্যবহার করা যেত। কিন্তু এবার কেনা ভেকসিনকোর সিলিন্ডারটি ১৫ দিনও স্থায়ী হয়নি। পরে সিলিন্ডারটি হাতে নিয়ে তার সন্দেহ হলে পরীক্ষা করে ভেতরে পানি থাকার বিষয়টি বুঝতে পারেন।
এ বিষয়ে সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খায়রুল হোসেন বলেন, তিনি নিয়মিত জননী ট্রেডার্স ডিলার পয়েন্ট থেকে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে বিক্রি করে থাকেন।
অভিযোগের বিষয়ে খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্টের কর্ণধার শংকর দেবনাথের কাছে জানতে চাইলে তিনি ভেকসিনকো ব্র্যান্ডের কোনো ডিলার পয়েন্ট পরিচালনার বিষয়টি অস্বীকার করেন। এ ধরনের ঘটনার জন্য তিনি সংশ্লিষ্ট কোম্পানিকে দায়ী করেন।
অভিযোগের পর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধ অনুমোদন না থাকায় সিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং অন্য ডিলার পয়েন্টের নাম ব্যবহার করায় জননী ডিলার পয়েন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভোক্তারা গ্যাস সিলিন্ডারের মান ও সরবরাহ ব্যবস্থার ওপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।