রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৫ জুন ২০২৬ বিকাল ০৪:২৫:০৫
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
শুক্রবার সকালে জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির ১৫ ও ৬১ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন বিজিবি-৬১-এর আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বড়খাতা এলাকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং পয়ষট্টিবাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি-১৫-এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭/৭-এস-এর নিকট ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে। বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে থাকে।
বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিজিবির কর্মকর্তারা বলেন, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে।
সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।