মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৩:৪৫
কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন
কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগীর হত্যার প্রতিবাদে তাঁর জন্মভূমি টুঙ্গিপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সামনে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।
নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। গত ২৪ এপ্রিল ২০২৬ কুমিল্লায় কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে নিহত হন তিনি। তাঁর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্যে বলেন, “বুলেট বৈরাগী আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারানো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।