বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ বিকাল ০৫:২৫:৫৩
পাওনা টাকা চাওয়ায় সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগ
যশোরের বেনাপোলে প্রায় ৪৮ লাখ ৮৩ হাজার টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবর্ষণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহাগ আলী।
শনিবার বিকেলে বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের কুতুব উদ্দীন আশা এবং তার ভগ্নিপতি সাইদুর রহমানের কাছে ব্যবসায়িক লেনদেনের ৪৮ লাখ ৮৩ হাজার টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরতের দাবি জানালেও অভিযুক্তরা তা পরিশোধ না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, গত ৪ জুন মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ৫ জুন বিকেলে কুতুব উদ্দীন আশার নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে প্রতিষ্ঠানের কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একই দিন রাত সাড়ে ১০টার দিকে ১২ থেকে ১৩ জনের একটি সশস্ত্র দল তার ভাড়াটিয়া বাসার সামনে এসে অবস্থান নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা ও জানালার দিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে ঘরের থাই গ্লাস ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর দাবি, খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দুটি গুলির খোসা ও একটি গুলির অংশবিশেষ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মো. সোহাগ আলী বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।