জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৩৭
জামালপুরে আইনজীবীর অফিসে অভিযান, পাইপগান, গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জামালপুর শহরে এক আইনজীবীর অফিসে অভিযান চালিয়ে দুটি পাইপগান, গুলি, ককটেল সদৃশ হাতবোমা, পেট্রোল এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের পাঁচ রাস্তা মোড় এলাকার মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অফিস থেকে দুটি পাইপগান, ৮ রাউন্ড গুলি, ৬টি ককটেল সদৃশ হাতবোমা, দুই বোতল পেট্রোল এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া আলামতগুলোর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জামালপুর থানার তদন্ত ওসি এস এম নূর মোহাম্মদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।