তামিম হোসেন সবুজ, বেনাপোল (যশোর)
প্রকাশ : ১ জুন ২০২৬ বিকাল ০৫:০৪:০৮
ভারতে বসবাসরত কথিত বাংলাদেশিদের ‘পুশইন’ চেষ্টা, বেনাপোল সীমান্তে উত্তেজনা
ভারতে জন্মগ্রহণ ও দীর্ঘদিন ধরে বসবাসরত কথিত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে বেনাপোল সীমান্ত এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১ জুন) দিবাগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। ফলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানা গেছে।
সীমান্ত সূত্রে জানা যায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়া তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সীমান্তের উভয় পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। বেনাপোল সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা শতাধিক ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তরের খবর প্রকাশিত হয়েছিল। সে সময় বিএসএফ তাদের পরিচয় নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল।
তবে বেনাপোল সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বিজিবি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তসংলগ্ন সাদিপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী জানান, ভোরে বিএসএফ সীমান্তের একটি বাগানে প্রায় শতাধিক মানুষকে জড়ো করে। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরেক সীমান্তবাসী মারুফ হোসেন বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির যেকোনো উদ্যোগে স্থানীয় গ্রামবাসী সহযোগিতা করবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ তিনটি ট্রাকে করে আনুমানিক ১০০ থেকে ১২০ জন মানুষকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছে। তবে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে তিনি জানান।