রাঙামাটিতে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫:০৯
রাঙামাটি প্রেস ক্লাবের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের মতবিনিময়
ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজে রাঙামাটি প্রেস ক্লাব'র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং তথ্য প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধি, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাঙামাটি প্রেস ক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকসহ পিআইবি নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময়কালে ড. সুজান ভাইজে বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অংশ নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নাগরিকদের নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য যাচাইয়ের গুরুত্ব উঠে আসে। পাশাপাশি শিক্ষা, গণমাধ্যম উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
অন্যান্য বক্তারা বলেন, ডিজিটাল যোগাযোগব্যবস্থার বিস্তারের সঙ্গে সঙ্গে তথ্যের দ্রুত প্রবাহ যেমন বাড়ছে, তেমনি ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার চ্যালেঞ্জও বাড়ছে। ফলে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, তথ্য যাচাইয়ের সক্ষমতা এবং পেশাগত নৈতিকতা আরও জোরদার করা জরুরি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী কনফারেন্স হলে পিআইবি ও ইউনেস্কোর উদ্যোগে রাঙামাটিতে তিনদিন ব্যাপী এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধিদলের সদস্যরা, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সিঃ সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রেস ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করেন।