লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ১০:৫৩:৪১
লালমনিরহাট সীমান্তে যুবকের মৃত্যু, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের
নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনার পর বিএসএফ প্রাথমিকভাবে বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে তারা সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং ব্যবহৃত অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের কোনো আলামত পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।